বলিউডের কাপুর পরিবারে সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য নাকি রণবীর কাপুর! অন্তত এমন দাবিই করেছিলেন অভিনেতা নিজে। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’এ অংশ নিয়ে মজার একটি ঘটনা শেয়ার করেছিলেন তিনি। সেখানেই রণবীর জানান, কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারে দশম শ্রেণির পরীক্ষা পাস করেছিলেন।
রণবীর বলেন, দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। তখন বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ আব লৌট চলেঁ’ সিনেমার কাজে সহযোগিতা করছিলেন। আর তার মা নীতু কাপুর স্কুলে গিয়ে পরীক্ষার ফল সংগ্রহ করেন।
সেদিন রণবীরের বন্ধু আয়েশা ফোন করে নীতু কাপুরকে জানান, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে পাস করেছেন। খবরটি শুনে আনন্দে চিৎকার করে ওঠেন নীতু কাপুর।
রণবীর আরও জানান, তার পাস করার খবর শুনে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছিলেন।
করণ জোহর যখন তাকে প্রশ্ন করেন, “কাপুর পরিবারে তুমিই কি প্রথম ছেলে, যে একবারে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ?” জবাবে রণবীর বলেন, “হ্যাঁ। আমার জন্য পার্টির আয়োজনও করা হয়েছিল। আমার ঠাকুরমার চোখে আনন্দের পানি চলে এসেছিল। কারণ কাপুর পরিবারের কোনো ছেলে এর আগে একবারে দশম শ্রেণির পরীক্ষা পাস করতে পারেনি। এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটি ঘটনা ছিল। তাই আমি মজা করে বলি, আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ।”
উল্লেখ্য, খুব শিগগিরই সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’এ স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে রণবীর কাপুরকে।
এ ছাড়া নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’এ রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে সাই পল্লবী অভিনয় করছেন সীতার চরিত্রে, যশ রাবণের চরিত্রে, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে। দুই পর্বে মুক্তি পাবে এই সিনেমা।