বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রাণায়ণ’-এর প্রথম গান ‘জয় জয় রাম’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নামিত মালহোত্রা প্রযোজিত এই সিনেমার প্রথম ট্র্যাকটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুরসম্রাট এ আর রহমান।
প্রতিবেদনে জানা যায়, প্রকাশিত গানটির কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। সিনেমাটিতে এ আর রহমানের পাশাপাশি সঙ্গীত পরিচালনায় যুক্ত রয়েছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার। রামায়ণের এই প্রথম পর্বে অভিনয় করেছেন একঝাঁক শীর্ষ তারকা রাম চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণ চরিত্রে ইয়াশ, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল।
টি-সিরিজের অফিশিয়াল হ্যান্ডেলে গানটি প্রকাশের সাথে সাথে জানানো হয়, ২০২৬ সালের দিওয়ালি উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ভারতীয় পৌরাণিক ইতিহাস ও মহাকাব্যকে কেন্দ্র করে তৈরি এই মেগা প্রজেক্টটি দেখার জন্য সিনেপ্রেমীদের অপেক্ষা এখন আরও বেড়ে গেল।