‘এটা আমাদেরই গল্প’ নাটকের বিপুল সাফল্যের পর জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিয়ে এলেন নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। গতকাল বুধবার দুপুর ১২টায় চ্যানেল আই ও সিনেমাওয়ালার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটির প্রথম পর্ব প্রচারিত হয়। মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে দারুণ সাড়া ফেলেছে নাটকটি মাত্র ২৩ ঘণ্টাতেই যার ভিউ সংখ্যা অতিক্রম করেছে ৪৭ লাখের ঘর!

পারিবারিক টানাপোড়েন ও জীবনের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটির প্রতি পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শক, যা ইউটিউবের কমেন্ট বক্সে প্রশংসার প্লাবন দেখে স্পষ্ট বোঝা যায়। নতুন এই নাটকে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকা অভিনেতা জাহিদ হাসান ও শহীদুল্লাহ সেলমি। প্রায় ১৩ বছর পর আবারও কোনো নাটকে একই ফ্রেমে বন্দি হলেন এই দুই পরাশক্তি, যা নাটকটির আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

জাহিদ হাসান ও শহীদুল্লাহ সেলমির পাশাপাশি নাটকে অভিনয় করছেন তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে দীপা খন্দকার, রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়াকে। মোট ৫২ পর্বের এই ধারাবাহিকটির শুটিং বর্তমানে ঢাকার উত্তরায় জোরকদমে চলছে। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে এর নতুন পর্ব প্রচারিত হবে।