মুক্তির মাত্র একদিনেই ৩০ লাখের বেশি ভিউ পেয়ে দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নাটক ‘পথহারা মন’। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত পারিবারিক এই নাটকটি দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদেরও প্রশংসা কুড়াচ্ছে। এবার নাটকটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী মুনীরা মিঠু, যিনি নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।
নাটকে তটিনীর বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জাহিদ হাসান। আর তাঁর বোনের চরিত্রে দেখা গেছে মুনীরা মিঠুকে। পাশাপাশি তানজিম সাইয়ারা তটিনী, খায়রুল বাসার ও দীপা খন্দকারের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে।
নিজের ফেসবুক পোস্টে মুনীরা মিঠু লেখেন, ‘১ দিনে ৩ মিলিয়ন ভিউ। খুব ভালো লাগলো নাটকটি। জাহিদ ভাই, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার আপনারা অসাধারণ ছিলেন। খায়রুল বাসার বরাবরই খুব সংযত, গোছানো অভিনয় করেছেন। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের “পথহারা মন” নাটকটি আপনারা দেখুন, আলোচনা-সমালোচনা করুন।’
মুনীরার এই পোস্টের পর নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দর্শকদের অনেকেই গল্প, নির্মাণশৈলী ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন। পারিবারিক আবেগ, শক্তিশালী চিত্রনাট্য এবং দক্ষ অভিনয়ের সমন্বয়ে ‘পথহারা মন’ অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বলে মনে করছেন অনেকে।