সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সমসাময়িক অনেক অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেও এবার প্রথমবারের মতো নাজনীন নীহার সঙ্গে অভিনয় করেছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে ‘instaগ্রাম’ নামের একটি ইউটিউব ফিল্মে দেখা যাবে তাঁদের। এই কাজের আগে বাসারের সঙ্গে অভিনয়ের ইচ্ছা নিজেই নির্মাতাকে জানিয়েছিলেন নীহা। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন নির্মাতা রাজ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, নীহাকে এই কাজের জন্য ফোন করার পর গল্প শোনেন তিনি। এরপর নিজ থেকেই খায়রুল বাসারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নীহা। নির্মাতার ভাষ্য, তিনিও মনে মনে পরিকল্পনা করেছিলেন, এই কাজে বাসারকেই নেওয়া হবে। তবে নীহাকে গল্প বলার পর বাসারের নাম প্রস্তাব করবেন বলে ভেবেছিলেন। তার আগেই নীহা নিজের ইচ্ছের কথা জানিয়ে দেন।

‘instaগ্রাম’ দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার ও নাজনীন নীহা। নীহার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বাসার বলেন, এর আগে কয়েকটি কাজ নিয়ে তাঁদের মধ্যে কথা হলেও শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়িত হয়নি। অবশেষে একসঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। এখন পর্যন্ত নীহার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ বলে জানিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, নীহা কাজের বিষয়ে খুব মনোযোগী ও সচেতন।

নির্মাতা রাজ জানিয়েছেন, ‘instaগ্রাম’ ইউটিউব ফিল্মে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবং একটি গ্রামের গল্প তুলে ধরা হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পর্ক, আন্তরিক সহাবস্থানসহ নানা বিষয় উঠে আসবে।

ফিল্মটিতে খায়রুল বাসার ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, মাহমুদুল ইসলাম মিঠু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, অতিথি প্রমুখ। নির্মাতার তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘instaগ্রাম’।