আদর্শ জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো খোঁজেন অনেক নারী, পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রে যেন তারই প্রতিফলন দেখছেন দর্শকরা। সংযত আচরণ, পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং স্ত্রীর প্রতি দায়িত্বশীলতা দিয়ে দর্শকদের মন জয় করেছে চরিত্রটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই আবু বকরকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। নেটিজেনদের অনেকেই তাকে আখ্যা দিচ্ছেন ‘জাতীয় ক্রাশ’ হিসেবে। চরিত্রটিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার সিদ্দিকী।

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। গল্পের টানাপোড়েন, নাটকীয় ঘটনাপ্রবাহ ও চরিত্রগুলোর সম্পর্কের নানা দিকের পাশাপাশি আলোচনায় আসছে তাদের পোশাক ও সাজসজ্জাও। সম্প্রতি নাটকে ‘জারিয়াবের নিকাহ’র সাজকে ঘিরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

উমেরা আহমেদের লেখায় নির্মিত ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিম। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই নাটকটি বাংলাদেশের দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

তবে গল্পের পাশাপাশি দর্শকদের বিশেষ মনোযোগ কেড়েছে আবু বকর। রাগের মুহূর্তেও নিজেকে সংযত রাখা, পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের মতো বৈশিষ্ট্যগুলো তাকে আলাদা করে তুলেছে। চরিত্রটির এসব আচরণ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করছেন দর্শকরা।

অনেক নারী দর্শক আবু বকরের মধ্যে খুঁজে পাচ্ছেন তাঁদের কল্পনার জীবনসঙ্গীর প্রতিচ্ছবি। আর সেই ভালো লাগা থেকেই চরিত্রটিকে ঘিরে তৈরি হয়েছে ‘জাতীয় ক্রাশ’ তকমা। পর্দায় আবু বকর হয়ে শেহরিয়ার মুনাওয়ারও এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে।