গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে স্বামীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানান তিনি। ন্যান্সির ঘনিষ্ঠজনেরাও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে দেওয়া ইংরেজি পোস্টে ন্যান্সি লেখেন, মহসিন ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা তাঁদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এখন আলাদা পথে এগিয়ে যেতে চান তাঁরা।
এ সময় তাঁদের নিয়ে উদ্বিগ্ন ও ভালোবাসা দিয়ে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গায়িকা। একই সঙ্গে তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানান তিনি। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে গ্রহণ করতে চান বলেও উল্লেখ করেন ন্যান্সি।
গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় সম্পর্কে। ২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। ২০২২ সালের জুনে তাঁদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান। প্রায় পাঁচ বছর একসঙ্গে থাকার পর এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন এই দম্পতি।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে। মহসিন মেহেদীর সঙ্গে এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।
দুই দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে কাজ করছেন ন্যান্সি। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে বিশেষ পরিচিতি পাওয়া এই শিল্পী ‘প্রজাপতি’ সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ব্যক্তিগত জীবনের নতুন এই অধ্যায়ে সবার সহযোগিতা ও ব্যক্তিগত গোপনীয়তা কামনা করেছেন তিনি।