দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক এবার পরিণতি পেল বিয়েতে। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে কখনো পাশাপাশি বসে হাসিমুখে, আবার কখনো আংটি বদলের মুহূর্তে দেখা গেছে নবদম্পতিকে।

বেশ কয়েক দিন ধরেই মিমির বিয়ে নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই আইনি বিয়ে করেন অভিনেত্রী। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। বিশেষ দিনে সোনালি ও দুধসাদা শাড়িতে সেজেছিলেন মিমি। অন্যদিকে তাঁর সঙ্গে মানানসই সাদা পাঞ্জাবি পরেছিলেন সিদ্ধার্থ।

বিয়ের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন মিমি। আংটি বদল, বিয়ের নথিতে স্বাক্ষরসহ নানা আয়োজনে হাস্যোজ্জ্বল দেখা যায় দুজনকে। এত দিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও এবার বিয়ের আনন্দের মুহূর্তগুলো প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। এক বান্ধবীর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছিলেন দুজনেই। এবার আইনি বিয়ের মধ্য দিয়ে একসঙ্গে পথচলার আনুষ্ঠানিক সূচনা করলেন তাঁরা।

তবে কলকাতায় আইনি বিয়ের মধ্য দিয়েই শেষ হচ্ছে না আয়োজন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে বসবে তাঁদের মূল বিয়ের আসর। পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। ৩ ডিসেম্বর আয়োজন করা হবে ডিনার অনুষ্ঠান। পরদিন ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেহেদি ও সংগীতের আয়োজন। সবশেষে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হবে তাঁদের বিয়ের আয়োজন।