চলচ্চিত্রের রুপালি পর্দা থেকে শুরু করে বিনোদনের রঙিন জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব এখন বিশ্বজুড়ে জোর চর্চার বিষয়। প্রযুক্তি যেভাবে স্থান করে নিচ্ছে, তাতে অনেক তারকার কপালেই চিন্তার ভাঁজ পড়ছে। তবে এআইয়ের অভিনয়দক্ষতা নিয়ে এখনই খুব একটা উদ্বিগ্ন নন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ড। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অভিনয় অনেকটা ‘আলুর মতো’।
সম্প্রতি স্পেনের ঐতিহ্যবাহী ‘সান সেবাস্টিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ হাজির হয়ে এআই নিয়ে নিজের এমন অভিজ্ঞতা প্রকাশ করেন ৫০ বছর বয়সী এই গুণী অভিনেত্রী। সেখানে তাঁর নতুন সিনেমা ‘৭এইচ৪০ সে জু-লা’-এর প্রিমিয়ার উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতা কোটিলার্ড বলেন, “আমি সত্যিই ভয় পাব সেদিন, যেদিন কোনো এআই অভিনেতার অভিনয় দেখে আমার ভেতরে আবেগ ছুঁয়ে যাবে বা চোখের জল আসবে। তবে আপাতত তারা যেভাবে আলুর মতো অভিনয় করছে, তা দেখে কিছুটা স্বস্তি পাচ্ছি।”
তবে বর্তমান স্বস্তির পাশাপাশি প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন কোটিলার্ড। তাঁর মতে, হয়তো এমন দিনও আসবে যখন কোনো কৃত্রিম চরিত্রের অভিনয়ে দর্শকেরা আবেগপ্লুত হবেন বা বোকা বনে যাবেন, যা চিন্তার বিষয়। উল্লেখ্য, বিশ্ব চলচ্চিত্রে যখন এআই ব্যবহারের নৈতিকতা নিয়ে তুমুল বিতর্ক চলছে, ঠিক তখনই এই উৎসবে নিকোল গার্সিয়া পরিচালিত সিনেমায় ‘অ্যালিস’ নামের এক সাবেক বিপ্লবী কর্মীর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অস্কারজয়ী তারকা।