তুরস্কের বহুল আলোচিত ঐতিহাসিক মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় দর্শকদের সামনে আসছে। বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি ও দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচার শুরু হবে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার নাগরিক টিভিতে রাত ৮টায় এবং বঙ্গ প্ল্যাটফর্মে রাত ৯টায় সিরিজটির বাংলা সংস্করণ প্রচার করা হবে।
দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ সিরিজে মুসলিম বিশ্বের অন্যতম কিংবদন্তি শাসক ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, নেতৃত্ব, সংগ্রাম এবং বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। এতে ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, রাজনৈতিক দূরদর্শিতা, সামরিক কৌশল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন অধ্যায় স্থান পেয়েছে।
তুরস্কে প্রচারের পর থেকেই বিশাল বাজেটের নির্মাণ, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, বাস্তবসম্মত যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের কারণে সিরিজটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
সংবাদ সম্মেলনের শেষ পর্বে বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের জন্য একটি র্যাফেল ড্ররও আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে এসি, টেলিভিশন, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, বাংলা ভাষায় সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে ইতিহাসভিত্তিক এই আন্তর্জাতিক প্রযোজনাটি নতুনভাবে জনপ্রিয়তা পাবে।