মান-অভিমান, বিশ্বাসভঙ্গ আর নানা মানসিক টানাপোড়েনের পর পাকিস্তানি জনপ্রিয় নাটক ‘দার-ই-নিজাত’ (Dar-e-Nijat)-এর গল্পে এখন যোগ হয়েছে নতুন মোড়। আর তাতেই পর্দা কাঁপিয়ে দর্শকের মন জয় করে নিচ্ছেন আবু বকর ও জারিয়াব জুটি। নাটকটির ২৮তম পর্বে শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের অনবদ্য রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে।

ধারাবাহিকটির ৬ নভেম্বর প্রচারিত পর্বে দেখা যায়, একসঙ্গে নৈশভোজে গেছেন আবু বকর ও জারিয়াব। তাঁদের খুনসুটি এবং মিষ্টি কথোপকথনের মাঝে দর্শকের নজর কেড়েছে এক বাটি নুডলস খাওয়ার একটি সাধারণ দৃশ্য। এই একটিমাত্র দৃশ্য দেখিয়ে দিয়েছে কীভাবে সাধারণ মুহূর্তও নিখুঁত রোমান্টিক হয়ে উঠতে পারে। নাটকে আবু বকর চরিত্রে শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে দুরেফিশান সেলিমের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অতীতে বিশ্বাসের আঘাত ও কঠিন পরিস্থিতির শিকার জারিয়াবের পাশে ধৈর্য ও সম্মান নিয়ে দাঁড়িয়ে থাকা আবু বকরের চরিত্রটি এখন দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন ‘আবজার’, আর তাঁদের বিভিন্ন দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও ও ক্লিপ।