হলিউড তারকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়ান সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এক অজানা আশঙ্কায় দিন কাটছে তাঁর। সম্প্রতি নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ধরা পড়েছে ‘ইসোফ্যাজাইটিস’ নামের এক রোগ। খাদ্যনালীর অভ্যন্তরীণ অংশে তীব্র প্রদাহের সৃষ্টি হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইসোফ্যাজাইটিস’ বলা হয়। 

প্রতিবেদনে জানানো হয়, 'দ্য কার্দাশিয়ানস' রিয়েলিটি শোয়ের নতুন ট্রেলারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের এই রোগের বিবরণ তুলে ধরেন কিম। ট্রেলারে এক প্রযোজক যখন প্রশ্ন তোলেন যে রোগে কিমের বাবার মৃত্যু হয়েছিল, কিমও কি সেই একই ব্যাধিতে আক্রান্ত? প্রশ্নটি শোনামাত্রই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা ক্রিস জেনার। মূলত ২০০৩ সালে মাত্র ৫৯ বছর বয়সে ‘ইসোফেজিয়াল ক্যান্সার’ বা খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কিমের বাবা, প্রখ্যাত আইনজীবী রবার্ট কার্দাশিয়ান সিনিয়র। বাবার সেই স্মৃতি মনে করেই আতঙ্কিত হয়ে পড়েন এই তারকা।

তবে চিকিৎসকরা ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, সাধারণ প্রদাহ বা ‘ইসোফ্যাজাইটিস’ এবং ‘ইসোফেজিয়াল ক্যান্সার’ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই প্রদাহ হলেই তা ক্যান্সারে রূপ নেয় না বা এটি সরাসরি ক্যান্সারের লক্ষণ নয়। বর্তমানে কিম কার্দাশিয়ান আগের চেয়ে সুস্থ রয়েছেন।