কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। এটি নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’ নির্মাতা তানিম নূর। আজ মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

তার আগেই খবর মিলেছে যে, ছবিটিতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় তিন তারকা চঞ্চল চৌধুরী, সাবিলা নূর ও শরিফুল রাজ।

বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। কাস্টিং নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে যে চঞ্চল, সাবিলা ও রাজ থাকছেন এ ছবিতে। এছাড়াও গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিং হবে, যার একটি বড় অংশ জুড়ে থাকবে ট্রেন জার্নি। ছবিটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবার কথা রয়েছে।