ভাই অক্ষত রানাউতের সঙ্গে রক্ষা বন্ধন উদযাপনের কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। উৎসব উপলক্ষে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে নীল শাড়ি পরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা গেছে তাকে।
ছবিগুলোতে ভাই ও ভাবির আরতিও করতে দেখা যায় কঙ্গনাকে। রক্ষা বন্ধনের আয়োজনে ভাই-বোনকে হাসি-আনন্দের পাশাপাশি আবেগঘন মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে। অক্ষতের হাতে রাখি পরানোর পর দুজন একসঙ্গে ছবিও তোলেন। এছাড়া পূজার থালির একটি ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে লাড্ডু, হালুয়া, রাখি, ধূপ, প্রদীপ, কুমকুম ও চালসহ বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ দেখা যায়।
ভাইয়ের সঙ্গে ছবিগুলো পোস্ট করে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন কঙ্গনা। সেখানে তিনি ভাইয়ের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখী জীবনের জন্য প্রার্থনা করেছেন।
কঙ্গনা লিখেছেন, তার বাঁধা রাখির ভালোবাসার বন্ধন যেন সবসময় ভাইকে রক্ষা করে। পাশাপাশি অক্ষত যেন বাবা-মায়ের সেবা করেন, পরিবারের সম্মান অক্ষুণ্ন রাখেন, স্ত্রী ও সন্তানদের যত্ন নেন এবং সারাজীবন নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকেন, সেই কামনাও করেছেন তিনি।
ভাইকে নিজের বাবা-মায়ের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে কঙ্গনা জানান, তিনি সবসময় অক্ষতের ভালোবাসা ও সুরক্ষা পেতে চান। একইসঙ্গে রক্ষা বন্ধন উপলক্ষে সব ভাই-বোনকে শুভেচ্ছা জানান অভিনেত্রী।
কঙ্গনার এই পোস্টের সময়েই আবার আলোচনায় এসেছে অভিনেত্রী কৃতি স্যাননের রক্ষা বন্ধনের একটি বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক। সম্প্রতি একটি গয়নার বিজ্ঞাপনে ব্রালেট ও স্কার্ট পরা অবস্থায় কৃতিকে দেখা যায়। রক্ষা বন্ধন উপলক্ষে তৈরি ওই বিজ্ঞাপনে পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি।
এর আগে এই বিজ্ঞাপনের সমালোচনা করেছিলেন কঙ্গনাও। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছিলেন, রক্ষা বন্ধনের মতো একটি উৎসবের বিজ্ঞাপনে ভাইকে অন্তর্বাসের মতো পোশাক পরে রাখি বাঁধার প্রয়োজন কেন হলো।
কঙ্গনা আরও বলেন, বর্তমান সময়ে নারীদের সামনে পোশাকের অনেক বৈচিত্র্যময় বিকল্প রয়েছে। তাই বিজ্ঞাপনটিকে তার কাছে ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রক্ষা বন্ধনের দিনে ভাই অক্ষতের সঙ্গে কঙ্গনার ঐতিহ্যবাহী উদযাপনের ছবি প্রকাশের পর তার পুরোনো সেই মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে।
#hindustantimes #Kanganaranawat