বয়স ৭৫, কিন্তু পুরস্কারের মঞ্চে এখনও তরুণদের টেক্কা দিচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী জিন স্মার্ট। জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাকস’ এর মাধ্যমে টেলিভিশনের ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।

সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডসে ‘হ্যাকস’এ লাস ভেগাসের অভিজ্ঞ কমেডিয়ান ডেবোরা ভ্যান্স চরিত্রে অভিনয়ের জন্য সেরা প্রধান অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন জিন স্মার্ট। এই জয়ের মাধ্যমে সিরিজটির পাঁচটি সিজনের প্রতিটিতেই একই বিভাগে এমি জয়ের বিরল কীর্তি গড়লেন তিনি। কোনো নারী অভিনেত্রীর ক্ষেত্রে আগে এমন নজির দেখা যায়নি।

এবারের প্রতিযোগিতায় এল ফ্যানিং ও লিসা কুড্রোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন জিন। পুরস্কার নিতে মঞ্চে উঠলে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান উপস্থিত দর্শকেরা।

ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত জিন স্মার্ট কৃতিত্ব দেন ‘হ্যাকস’-এর নির্মাতা লুসিয়া অ্যানিয়েলো, জেন স্ট্যাটস্কি ও পল ডব্লিউ ডাউনসকে। তিনি জানান, এই নির্মাতাদের হাত ধরেই তার ‘হ্যাকস’ যাত্রার শুরু এবং শেষ।

দীর্ঘ অভিনয়জীবনে ১৫ বার এমির জন্য মনোনীত হয়েছেন জিন স্মার্ট। ‘হ্যাকস’-এর আগে ‘ফ্রেজিয়ার’ ও ‘সামান্থা হু?’ সিরিজের জন্যও এমি জিতেছেন তিনি।

২০২১ সালে যাত্রা শুরু করা ‘হ্যাকস’ সিরিজটি একজন প্রবীণ কমেডিয়ান ও এক তরুণ লেখকের সম্পর্ককে ঘিরে নির্মিত। দর্শক-সমালোচকদের প্রশংসা পাওয়া সিরিজটির পঞ্চম সিজন শেষ হয়েছে গত মে মাসে। সিরিজের পর্দা নামলেও পাঁচ সিজনে পাঁচ এমির এই রেকর্ড জিন স্মার্টের ক্যারিয়ারে যোগ করেছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়।