বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘হাওয়া’ আবারও বড় পর্দায় ফিরেছে। ২০২২ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগানো মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় পুনরায় প্রদর্শিত হচ্ছে।

মুক্তির আগেই ‘হাওয়া’ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমা মুক্তির পর সেই উন্মাদনা আরও বেড়ে যায়। দেশের সিনেপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়ের পাশাপাশি বিদেশের বিভিন্ন দেশেও ছবিটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য অর্জন করে।

‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডলসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের জন্য সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়া পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ এখনও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

শুধু ‘হাওয়া’ নয়, একই দিনে স্টার সিনেপ্লেক্সে পুনর্মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও। গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘিসহ আরও অনেক শিল্পী।

নতুন সিনেমার পাশাপাশি দর্শকদের জন্য সাম্প্রতিক সময়ের দুটি জনপ্রিয় বাংলা সিনেমা আবারও বড় পর্দায় দেখার সুযোগ তৈরি হওয়ায় সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।


#হাওয়া #হাওয়া_মুভি #বাংলা_ছবি #চঞ্চল_চৌধুরী #নাজিয়া_তুষি