প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার, গায়ক ও গীতিকার হাসান রহিম। চলতি আগস্টেই রাজধানীর মঞ্চে গান শোনাবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।
বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে ব্যস্ত সময় পার করছেন হাসান রহিম। এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করে সাড়া ফেলেছেন তিনি। সেই বিশ্বভ্রমণের অংশ হিসেবেই এবার ঢাকার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন পাকিস্তানের এই জনপ্রিয় সংগীতশিল্পী।
আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম পাকিস্তানের সমসাময়িক সংগীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় শিল্পী। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে প্রকাশিত ‘পিছে হাট’ গানটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরে ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়।
এ ছাড়া তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’। র্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশ্রণে তৈরি তাঁর সংগীতধারা বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করে দর্শকদের মাতিয়ে যান পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত ওই কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন তিনি।
অন্যদিকে, আজ (১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।