ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হয়েছেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে চার অস্ত্রধারীকে অঙ্কিতকে অনুসরণ করে হামলা চালাতে দেখা যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ সেকেন্ড ধরে চলে গুলির ঘটনা।

৩৫ বছর বয়সী অঙ্কিত বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। তার হাতে ছিল কিট ব্যাগ। জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় চার ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। তাদের মধ্যে অন্তত একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

অঙ্কিত গাড়ির কাছে পৌঁছানোর আগেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয়। পরপর গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও দোকানিরা নিরাপদ আশ্রয়ে সরে যান। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ১২টি গুলি ছোড়া হয়েছে। আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা কয়েকটি গুলি আকাশের দিকেও ছোড়ে। ব্যবহৃত অস্ত্রের মধ্যে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ অঙ্কিতকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলটি হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। হামলাকারীরা হরিয়ানা থেকে এসে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি সংগীতের পরিচিত মুখ ছিলেন। ইউটিউবেও তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা ছিল। তার চ্যানেলে ৩ লাখ ৬৮ হাজারের বেশি গ্রাহক রয়েছে।

অঙ্কিতের বেশ কিছু গানের ভিডিওতে বন্দুক, সংঘর্ষ ও দামি এসইউভির উপস্থিতি দেখা গেছে। তার গানের কথাতেও শত্রুতা, ক্ষমতা প্রদর্শন ও সহিংসতার মতো বিষয় উঠে এসেছে। কয়েকটি গান ইউটিউবে লাখ লাখবার দেখা হয়েছে।

তার আলোচিত গানগুলোর একটি ‘ভারি কোর্ট ম্যায় গোলি মারেঙ্গে মেরি জান’। গানটির কথায় আদালতের মধ্যেই গুলি করার হুমকির বিষয় উঠে এসেছে।

অঙ্কিতের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রকাশ করা একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও আলোচনায় এসেছে। বুধবার মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এতে তাকে গাড়িতে বসে হরিয়ানভি গান পরিবেশন করতে দেখা যায়।

ভিডিওতে একটি লাইন ছিল, ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ রাস্তায় হত্যা করা। এর কয়েক ঘণ্টার মধ্যেই সড়কে হামলার শিকার হয়ে অঙ্কিতের মৃত্যু হয়। ফলে তার শেষ পোস্টটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অঙ্কিত বালিয়ান হত্যার দায় কুখ্যাত গোগি গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে গ্যাংটির পক্ষ থেকে বলা হয়, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বী একটি পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেন। গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনা নিয়েও তিনি গান তৈরি করেছিলেন বলে দাবি করা হয়েছে।

গ্যাং-সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ভোলু শাহপুরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে ভবিষ্যতে আরও হামলার ইঙ্গিত দেওয়া হয় এবং উত্তর প্রদেশ পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তারা কোথা থেকে এসেছিল এবং হামলার পর কোন পথে পালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।