জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠি তাঁর সুপারহিট কমেডি ফ্র্যাঞ্চাইজি গোলমাল এর পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছেন। গত শনিবার নিজের জন্মদিন উপলক্ষে একটি প্রোমো ভিডিও প্রকাশ করে নতুন সিনেমার খবর জানান তিনি। আর সেই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

প্রোমো ভিডিওতে দেখা যায়, আগের কিস্তির জনপ্রিয় তারকারা আবারও ফিরছেন। এতে রয়েছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুর। পাশাপাশি দীর্ঘদিন পর এই সিরিজে ফিরে আসছেন শারমান যোশী, যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়েছে।

ভিডিওর শেষ দিকে বড় একটি চমক দেখা যায়। সেখানে বিশেষ উপস্থিতিতে হাজির হন অক্ষয় কুমার। কালো কুর্তা পাজামা ও রোদচশমা পরে ন্যাড়া মাথার ভিন্ন লুকে তাকে দেখা যায়, যা দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রোহিত শেঠি জানান, প্রায় দুই দশক আগে শুরু হওয়া ‘গোলমাল’ সিরিজ তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের ভালোবাসার কারণেই এই ফ্র্যাঞ্চাইজি এত দূর এসেছে বলে তিনি মনে করেন। তাই আবারও দর্শকদের আনন্দ দিতে নতুন কিস্তি নিয়ে হাজির হচ্ছেন তারা।

অন্যদিকে, এই সিরিজে যুক্ত হওয়ার বিষয়ে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, রোহিত শেঠির জন্মদিনে এমন ঘোষণার অংশ হতে পেরে তিনি দারুণ আনন্দিত এবং ‘গোলমাল’ পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সিনেমার মাধ্যমে এই জনপ্রিয় কমেডি সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম কিস্তিতে অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর এর সঙ্গে অভিনয় করেছিলেন শারমান যোশী। তবে পরবর্তী কিস্তিগুলোতে তাকে আর দেখা যায়নি।

দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দর্শকদের বিনোদন দিয়ে আসছে ‘গোলমাল’। এবার ‘টি সিরিজ’ ও ‘রোহিত শেঠি পিকচার্স’-এর ব্যানারে শুরু হতে যাচ্ছে এই সিরিজের পঞ্চম কিস্তির নির্মাণকাজ।