৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। এখন এসব চলচ্চিত্রের মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্তভাবে নির্বাচন করবে অস্কার বাংলাদেশ কমিটি।
অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার দৌড়ে থাকা পাঁচ সিনেমা হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
অস্কার বাংলাদেশ কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন জহিরুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। ইতোমধ্যে কমিটিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে।
কমিটির সদস্যরা জমা পড়া পাঁচটি সিনেমা দেখবেন এবং প্রতিটি চলচ্চিত্রের বিভিন্ন দিক মূল্যায়ন করবেন। এরপর সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানোর জন্য নির্বাচন করা হবে।
তবে কোন সিনেমা শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।
ফলে অস্কারের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেতে যাওয়া সিনেমাটি কোনটি, এখন সেই অপেক্ষাতেই চলচ্চিত্রপ্রেমীরা।