দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। দুই বছরের বেশি সময় পর ২০২৪ সালের মাঝামাঝিতে এস এম কাইয়ুম পরিচালিত চলচ্চিত্র ‘অন্তর্বর্তী’-এর একটি গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরেছিলেন তিনি। এবার সেই ছবিরই আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
নতুন এই গানে ফাহমিদা নবীর সঙ্গে সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এটিই প্রথমবার, কোনো গানে একসঙ্গে শোনা যাবে এই দুই শিল্পীকে। ‘তোর ঋণ’ শিরোনামের গানটির কথা লিখেছেন নির্মাতা এস এম কাইয়ুম নিজেই। এতে সুর দিয়েছেন রাহুল কুমার দত্ত এবং সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু।
গত শুক্রবার মুশফিক লিটুর স্টুডিওতে ফাহমিদা নবীর অংশের কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতার জানানো মতে, চলতি সপ্তাহের মধ্যেই ইমরান মাহমুদুলের অংশের রেকর্ডিং শেষ হওয়ার কথা।
নতুন গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, এটি ছোট ছোট কথায় গাঁথা একটি মিষ্টি প্রেমের গান। কাজের পরিবেশ এবং পুরো টিমের পেশাদারিত্ব তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। ইমরানের সঙ্গে প্রথমবার গাওয়ার অভিজ্ঞতাও তাঁর কাছে দারুণ লেগেছে।
এর আগে ‘অন্তর্বর্তী’ সিনেমায় ফাহমিদা নবী কণ্ঠ দিয়েছিলেন ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের আরেকটি গানে।
উল্লেখ্য, ‘অন্তর্বর্তী’ নির্মাতা এস এম কাইয়ুমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা। এটি প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের শেষ অভিনীত সিনেমা।
বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সব প্রস্তুতি শেষ করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাপাশি চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আশা করছেন নির্মাতা।