একসময় বিজ্ঞাপনের পর্দায় ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না’ সংলাপে দর্শকের মন জয় করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেও পেয়েছেন ব্যাপক পরিচিতি। সময়ের সঙ্গে সেই ছোট্ট দীঘি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন অভিনেত্রী হিসেবে। এবার ওয়েব ফিল্ম ‘প্রিয় প্রাক্তন’-এ অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
দীঘির অভিনয়যাত্রা শুরু কাজী হায়াত পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মধ্য দিয়ে। ২০০৬ সালের ৪ আগস্ট মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের আগেই বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মা দোয়েলের। তিনিও ছিলেন চলচ্চিত্রের অভিনেত্রী। বাবা সুব্রতও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলা থেকেই চলচ্চিত্রের পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পেয়েছেন দীঘি।
‘কাবুলিওয়ালা’র পর ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘সাজঘর’, ‘অবুঝ শিশু’, ‘কপাল’, ‘বাবা আমার বাবা’ ও ‘এক টাকার বউ’-এর মতো সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এসব কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছিলেন দীঘি।
তবে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তার পর বড় হয়ে অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করা ছিল তাঁর জন্য নতুন চ্যালেঞ্জ। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন।
বড় পর্দার পাশাপাশি ওয়েব কনটেন্টেও নিজের অভিনয় দক্ষতা তুলে ধরছেন দীঘি। সুমন ধর পরিচালিত ‘চিঠি’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেন তিনি। এতে তাঁর সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। এরপর বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘প্রিয় প্রাক্তন’ ওয়েব ফিল্মে ‘তমা’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন অভিনেত্রী।
ইফতেখার মাহমুদ ওসিন পরিচালিত এই ওয়েব ফিল্মে অভিনয়ের স্বীকৃতি হিসেবেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীঘি।
‘প্রিয় প্রাক্তন’ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে দীঘি বলেন, “ভালোবাসার অনেক রং, কিন্তু কার জীবন কোন রঙে রাঙিয়েছে ভালোবাসা? তা জানতে হলে ‘প্রিয় প্রাক্তন’ দেখতে হবে।” যুক্তরাষ্ট্রে দেশের একটি কাজের জন্য সম্মানিত হওয়ায় ঢালিউড অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দীঘি। এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পাওয়া শিশুশিল্পী থেকে চলচ্চিত্র ও ওয়েব ফিল্মের অভিনেত্রী হয়ে ওঠার এই যাত্রায় নতুন সংযোজন সেরা অভিনেত্রীর পুরস্কার। এখন অভিনয়ের বৈচিত্র্য ও নতুন কাজের মধ্য দিয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করাই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।