বর্ষার আবহ আর আষাঢ়ের অনুভূতিকে সঙ্গী করে নতুন গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। ‘মেঘ’ শিরোনামের এই গানটি চতুর্থ মৌসুমের দ্বিতীয় পরিবেশনা হিসেবে রোববার (২৮ জুন) সন্ধ্যায় প্রকাশ করা হবে।
নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। বর্ষার অনুভূতি, অপেক্ষা, ভালোবাসা এবং নতুন শুরুর আশাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গানটির কথা ও সুর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ষার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটির সংগীতায়োজন করা হয়েছে। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে সমকালীন সুরের মেলবন্ধনে প্রকৃতি, পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প তুলে ধরা হয়েছে এতে।
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক কথ্য ভাষার ব্যবহার করা হয়েছে গানটির কথায়। ফলে পরিচিত আবেগ ও অনুভূতি নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এর আগে গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের যাত্রা শুরু হয়।
২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। লোকসংগীত, শাস্ত্রীয় সংগীত এবং আধুনিক ধারার সৃজনশীল সমন্বয়ের মাধ্যমে প্রতিটি মৌসুমেই নতুন নতুন সংগীতায়োজন নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি।