বলিউডপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো ‘ককটেল ২’। ২০১২ সালের ব্লকবাস্টার হিট ‘ককটেল’-এর এই সিক্যুয়েল নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল। নির্মাতারা এবার সেই জল্পনা সত্যি করে প্রকাশ করেছেন ছবিটির প্রথম পোস্টার এবং মুক্তির তারিখ। নতুন এই কিস্তিতে মূল তিন চরিত্রে দেখা যাবে শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে।
তিন তারকাই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির পোস্টার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন। পোস্টারে তাঁদের লুক ভিন্নধর্মী ও আধুনিক রোমান্টিক ঘরানার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী ১৮ মার্চ প্রকাশ করা হবে ছবিটির টিজার এবং সারা বিশ্বে ছবিটি মুক্তি পাবে ১৯ জুন।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ছবিতে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি অভিনয় করেছিলেন। ইমতিয়াজ আলির লেখা ও হোমি আদাজানিয়া পরিচালিত সেই ছবিটি বন্ধুত্ব ও প্রেমের জটিল সমীকরণ নিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছিল। বক্স অফিসে ৩৫ কোটি রুপি বাজেটের বিপরীতে ১২৫ কোটিরও বেশি আয় করে ছবিটি মাইলফলক তৈরি করেছিল।
পারিশ্রমিক নিয়ে তোলপাড়: সিক্যুয়েল ঘোষণার সাথে সাথেই আলোচনায় এসেছে তারকাদের পারিশ্রমিক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ‘ককটেল ২’-এ সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন শহীদ কাপুর। তিনি এই ছবির জন্য প্রায় ৩৫ কোটি রুপি নিয়েছেন। অন্যদিকে, দুই নায়িকা কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা ১৫ কোটি রুপি করে পারিশ্রমিক পেয়েছেন। অর্থাৎ, নায়িকাদের তুলনায় শহীদের পারিশ্রমিক প্রায় ৫৭ শতাংশ বেশি।
বক্স অফিসে কঠিন লড়াই: আগামী জুন মাসে ‘ককটেল ২’-কে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়তে হবে। ৪ জুন মুক্তি পাবে ‘টক্সিক’, ১২ জুন ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ এবং ২৬ জুন আসছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এই বড় বাজেটের সিনেমাগুলোর ভিড়ে শহীদ-কৃতি-রাশমিকা রসায়ন কতটা প্রভাব ফেলতে পারে, তা দেখতে মুখিয়ে আছে বলিউড।