রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে একের পর এক চরিত্রের লুক প্রকাশ করে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়াচ্ছেন নির্মাতা। নাজিফা তুষী ও ফারুক আহমেদ রেহানের পর এবার প্রকাশ্যে এসেছে চঞ্চল চৌধুরীর লুক।

আগের মতো এবারও শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি ফ্রেম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রায়হান রাফী। এতে চঞ্চল চৌধুরীকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। জানা গেছে, সিনেমাটিতে ‘শমসের’ চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।

চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করে তাঁর অভিনয় প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন রায়হান রাফী। এর আগে দুবার চঞ্চলের সঙ্গে কাজ করলেও সেসব সিনেমায় তাঁর চরিত্রের ব্যাপ্তি ছিল ক্যামিওতে। এবারই প্রথম বড় পরিসরে তাঁকে কাজে লাগানোর সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা।

রাফী লিখেছেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগেও দুইবার কাজের সৌভাগ্য হয়েছে। তবে সেগুলোর ব্যাপ্তি ছিল ক্যামিও টাইপের।’

চঞ্চলের অভিনয় প্রতিভা প্রসঙ্গে রাফী আরও জানান, এবার তাঁর শক্তিশালী অভিনয়ের কিছুটা হলেও দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। পুরো টিমের বিশ্বাস, চঞ্চলকে ছাড়া অন্য কোনো অভিনেতার পক্ষে ‘শমসের’ চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলা সম্ভব ছিল না।

নির্মাতার এমন মন্তব্যের পর থেকেই চঞ্চল চৌধুরীর চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে ভিন্ন লুকের এই চরিত্রে অভিনেতার অভিনয় কেমন হবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

‘আন্ধার’ নির্মিত হয়েছে অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে। সিনেমাটি প্রযোজনা করছে ‘২২১ বি’।

সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষী ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রেহান, আফসানা মিমি, স্বর্ণালি চৈতীসহ আরও অনেকে।