পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় হাজির হচ্ছে এক বড় চমক। দেশের দুই বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা ও ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন প্রথমবারের মতো একসঙ্গে একই মঞ্চে হাজির হচ্ছেন। বিটিভির এবারের ঈদ আনন্দমেলায় তাঁরা পরিবেশন করবেন নিজেদের ক্যারিয়ারের অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী দুটি গান।

বিশেষ এই আয়োজনে রুনা লায়লার কণ্ঠে শ্রোতারা নতুন করে শুনতে পাবেন তাঁর কালজয়ী গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। অন্যদিকে বেবী নাজনীন গাইবেন তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বহুল জনপ্রিয় গান ‘কাল সারারাত’। এর আগে দুই গুণী শিল্পী আলাদাভাবে বিভিন্ন সময়ে এই অনুষ্ঠানে অংশ নিলেও এবারই প্রথম একই পর্বে দর্শক একসঙ্গে দেখতে পাবেন তাঁদের।

ব্যতিক্রমী এই পারফরম্যান্স নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, "উৎসবকে ঘিরে নির্মিত প্রতিটি অনুষ্ঠান নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। আর সে কথা মাথায় রেখে অসংখ্য শ্রোতার প্রিয় একটি গান নতুন করে গেয়েছি। আশা করি এটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।"

দীর্ঘদিন পর দেশে ফিরে অনুষ্ঠানে অংশ নিয়ে বেবী নাজনীন বলেন, "যে অনুষ্ঠানের জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গুণতে থাকে, সেখানে সেরা কাজটি তুলে ধরাই শ্রেয়। তাই ‘আনন্দমেলা’র জন্য ‘কাল সারারাত’ গানটি বেছে নেওয়া। সৃষ্টির এত বছর পরও এই গানের আবেদন এতটুকু ম্লান হয়নি। গানটি নতুন করে গাইতে পেরে নিজেরও ভীষণ ভালো লাগছে।"

শুধু গান নয়, এবারের ‘আনন্দমেলা’ সাজানো হয়েছে তারকাদের মেলা দিয়ে। জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ তাঁর নাচের দল নিয়ে অংশ নিয়েছেন একটি বিশেষ পরিবেশনায়। পাশাপাশি আরেকটি জমকালো নৃত্যে একসঙ্গে মঞ্চ কাঁপাবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। এ ছাড়া আশির দশকের জনপ্রিয় পপসংগীত ‘এমন একটা মা দেনা’ নতুন আঙ্গিকে পরিবেশন করেছেন কিংবদন্তি পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আরও থাকছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনিসহ একাধিক তারকা। আর পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

বিটিভি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বরাবরের মতো ঈদুল আজহার প্রথম দিন রাত ১০টার খবরের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একযোগে প্রচার হবে বিশেষ এই ‘আনন্দমেলা’।