দীর্ঘ চার বছরের প্রতীক্ষা আর সামরিক দায়িত্ব পালনের বিরতি। অনেকে ভেবেছিলেন বিটিএস ম্যাজিক বুঝি ফিকে হয়ে যাবে। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে দক্ষিণ কোরিয়ান সুপারগ্রুপ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ দিয়ে সংগীতের ইতিহাস নতুন করে লিখল। বিরতি যে আসলে আরও শক্তিশালী প্রত্যাবর্তনের প্রস্তুতি হতে পারে, তার প্রমাণ মিলল মুক্তির প্রথম দিনেই।

অ্যালবামটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে কে-পপ ইতিহাসের আগের সব রেকর্ড চুরমার করে দিয়েছে। এর আগে তাদেরই অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সিওল: ৭’ প্রথম সপ্তাহে ৩.৩৭ মিলিয়ন কপি বিক্রির রেকর্ড গড়েছিল। কেবল বিক্রিতেই নয়, স্ট্রিমিং এবং ডিজিটাল চার্টেও রাজত্ব করছে বিটিএস। অ্যালবামের প্রধান গান ‘সুইম’ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানসহ বিশ্বের ৯০টি দেশের আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছে। গানটির মিউজিক ভিডিও ৭০টিরও বেশি দেশে ট্রেন্ডিংয়ের এক নম্বরে রয়েছে।

‘আরিরাং’ নামটির মাধ্যমে বিটিএস তাদের কোরিয়ান শিকড় ও ঐতিহ্যবাহী লোকসংগীতকে বিশ্বমঞ্চে আধুনিক ঢঙে উপস্থাপন করেছে। প্রযোজক বাং সি-হেউকের মুন্সিয়ানায় অ্যালবামে বিচ্ছেদ, আকাঙ্ক্ষা ও সাহসের এক অনন্য মেলবন্ধন ফুটে উঠেছে। বিশ্বের ৮৮টি দেশে আইটিউনস টপ অ্যালবাম চার্টের শীর্ষস্থান দখল করে বিটিএস আর্মিদের ভালোবাসার প্রতিদান দিয়েছে এই অ্যালবাম। এই ঐতিহাসিক কামব্যাককে উদযাপন করতে সিউলের গোয়াংহোয়ামুন স্কয়ারে আয়োজিত ‘দ্য কামব্যাক লাইভ: আরিরাং’ কনসার্টটি সরাসরি সম্প্রচার করছে নেটফ্লিক্স, যা ওটিটি প্ল্যাটফর্মে লাইভ মিউজিক ইভেন্টের ক্ষেত্রে এক নতুন মাইলফলক।