দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন চমক নিয়ে ফিরেছে। চ্যাপ্টার ১৩-এর প্রথম চারটি পর্ব একসঙ্গে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। পর্ব ৯৭ থেকে ১০০ পর্যন্ত দর্শকরা ইতোমধ্যে দেখতে পারছেন। তবে বাকি চারটি পর্ব, অর্থাৎ ১০১ থেকে ১০৪ নম্বর পর্বের জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।

এবারের চ্যাপ্টারে দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ আকর্ষণ। চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে গল্পের একটি বড় অংশ। জনপ্রিয় এই ধারাবাহিকের পরিচিত চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক হিসেবে।

বিশ্বকাপ থিমকে ঘিরে নির্মিত বিশেষ পর্বগুলোতে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে হাস্যরস, প্রতিদ্বন্দ্বিতা এবং ব্যাচেলর পয়েন্টের স্বভাবসুলভ বিনোদন। নির্মাতারা এই মুখোমুখি লড়াইয়ের নাম দিয়েছেন ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’।

ধারণা করা হচ্ছে, মাঠের লড়াইয়ের আবহে প্রিয় চরিত্রগুলোর মজার সব ঘটনা দর্শকদের জন্য ভিন্নমাত্রার বিনোদন নিয়ে আসবে। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের আবেগকে কেন্দ্র করে নির্মিত গল্পগুলো দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে।

এদিকে চ্যাপ্টার ১৩-এর মুক্তি কিছুটা পিছিয়ে যাওয়ার কারণও জানা গেছে। নির্মাতা কাজল আরেফিন অমির শারীরিক অসুস্থতার কারণে নতুন চ্যাপ্টারের কাজ শেষ করতে বিলম্ব হয়। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পর্বগুলো প্রকাশ করা সম্ভব হয়নি।

তবে ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে শুটিং সেটে ফেরেন অমি। তার তত্ত্বাবধানেই শেষ করা হয় চ্যাপ্টারটির বাকি কাজ।

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা, পরিচিত চরিত্রদের নতুন রূপ এবং হাস্যরসাত্মক গল্পের সমন্বয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার ১৩ দর্শকদের জন্য নতুন এক বিনোদনের অভিজ্ঞতা নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।