বলিউডের বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানার ৪২তম জন্মদিন আজ। চণ্ডীগড়ের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজ যোগ্যতায় বলিউডে জায়গা করে নেওয়া এই তারকার জীবন সংগ্রাম ও সাফল্য অনন্য। ক্যারিয়ারে প্রায় দুই ডজন সিনেমায় অভিনয় এবং অসংখ্য হিট গান উপহার দেওয়া এই তারকার জন্মদিনে তাঁর রঙিন জীবনের পেছনের গল্প তুলে ধরা হলো।

প্রতিবেদনে জানানো হয়, ১৯৮৪ সালে জন্ম নেওয়া আয়ুষ্মানের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় কলেজ জীবনে। বন্ধুদের সাথে ট্রেনের কামরায় গান শুনিয়ে জমানো সেই তরুণ ২০০৪ সালে রিয়্যালিটি শো ‘রোডিজ’ জয়ের মাধ্যমে প্রথম পরিচিতি পান। পরবর্তীতে উপস্থাপক হিসেবে ছোটপর্দায় কাজ শুরু করলেও মুম্বাইয়ের শুরুর দিনগুলো তাঁর জন্য মোটেও সহজ ছিল না। বন্ধুদের ঘরে কিংবা মেডিকেল হোস্টেলে আশ্রিত থেকে তাঁকে দিন কাটাতে হয়েছে। অবশেষে ২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে তাঁর, যেখানে অভিনয়ের পাশাপাশি নিজের গাওয়া ‘পানি দা’ গান দিয়ে সেরা নবাগত অভিনেতা ও সেরা গায়কের ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি।

পরবর্তীতে ‘দম লাগা কে হইশা’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বধাই হো’, ‘আর্টিকল ১৫’, ‘ড্রিম গার্ল’ ও ‘বালা’-র মতো জনপ্রিয় সিনেমায় নিজের মেধার স্বাক্ষর রাখেন আয়ুষ্মান। বিশেষ করে ২০১৮ সালের কালজয়ী সিনেমা ‘অন্ধাধুন’-এ একজন অন্ধ পিয়ানোবাদকের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা লাভ করেন। অভিনয়ের পাশাপাশি ‘মেরে লিয়ে তুম কাফি হো’, ‘ইয়াহি হু ম্যায়’ ও ‘সাদি গালি আজা’-র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া এই তারকা আজও বিশ্বাস করেন বর্তমান মুহূর্তকে সর্বোচ্চ দিয়ে উপভোগ করাই জীবনের আসল সাফল্য।