ভারতের বহুল প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখন আর শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর ঢেউ এসে লেগেছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই সিনেমাটি ঘিরে করাচির স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে দারুণ আনন্দ ও উল্লাস লক্ষ্য করা গেছে।

করাচির এক স্থানীয় ইউটিউবারের ভ্লগে উঠে এসেছে সেই চিত্র। পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা হাতে সিনেমার পোস্টার ও চরিত্রগুলোর ছবি নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ প্রকাশ করেছেন। করাচির একটি মন্দিরে ছবিটির পোস্টার টাঙানোর পাশাপাশি দীপাবলিকে সামনে রেখে গানও গেয়েছেন তারা। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবিটির প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও পাকিস্তানে এটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে কি না, সে বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি।