মা হওয়ার পর নিজের শারীরিক পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কড়া জবাব দিয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মানুষের এসব কটাক্ষ বা প্রত্যাশার কোনো তোয়াক্কা না করে তিনি নিজের গতিতেই মাতৃত্বের এই সময়টি উপভোগ করছেন।

গত বছর নভেম্বর মাসে ছেলে ভিহানের জন্মের পর প্রথম জনসমক্ষে আসার পরই ক্যাটরিনার চেহারা ও ওজন নিয়ে নানা ট্রোলের শিকার হতে হয়। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীর নিয়ে কাটাছেঁড়া বা বিচার করার অধিকার কে দিয়েছে? নিজের ফিটনেস ও কর্মক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন উল্লেখ করে তিনি জানান, অন্যের প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের সুস্থতার ওপর নজর রেখেই তিনি স্বাভাবিক ছন্দে ফিরবেন। এছাড়া আপাতত বড় পর্দায় ফেরার কোনো তাড়া নেই বলেও জানান এই তারকা, এমনকি ভবিষ্যতে সুযোগ পেলে খলনায়িকার চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।