ভারতে গত শুক্রবার (১৪ আগস্ট) একই দিনে মুক্তি পেয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ ও সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তি পাওয়া সিনেমা দুটির মধ্যে প্রথম দিনের বক্স অফিস লড়াইয়ে সানি দেওলকে পেছনে ফেলেছে ইমরান হাশমির সিনেমা।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ‘আওয়ারাপান টু’ আয় করেছে ২১ কোটি রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে আরও ২ কোটি রুপি আয় করায় প্রথম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি। ৯ হাজার ৩৩টি শোতে সিনেমাটির আসন দখলের হার ছিল প্রায় ৪৫ শতাংশ।
অন্যদিকে, সানি দেওল অভিনীত ‘বাটোয়ারা ১৯৪৭’ প্রথম দিনে তুলনামূলক কম ব্যবসা করেছে। ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি এবং গ্রস আয় ৬ কোটি ৮৪ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে ১ কোটি ৫০ লাখ রুপি যোগ হয়ে প্রথম দিনের বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ রুপি। ৮ হাজার ৭২১টি শোতে আসন দখলের হার ছিল প্রায় ১৫ শতাংশ।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ এর সিক্যুয়েল ‘আওয়ারাপান টু’। এতে আবারও ‘শিভম পণ্ডিত’ চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।
অন্যদিকে রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটোয়ারা ১৯৪৭’এ দেশভাগের পটভূমিতে অভিনয় করেছেন সানি দেওল। সিনেমাটির মাধ্যমে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। পাশাপাশি প্রথমবার বাবা-ছেলে হিসেবে একসঙ্গে পর্দায় দেখা গেছে সানি দেওল ও করণ দেওলকে।