বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি আবারও বড় পর্দায় ফিরছেন তাঁর আইকনিক ‘হৃদয়ভাঙা প্রেমিক’ (Heartbroken Lover) অবতারে। ২০০৭ সালের তুমুল জনপ্রিয় রোমান্টিক-থ্রিলার চলচ্চিত্র ‘আওয়ারাপান’-এর দীর্ঘ ১৯ বছর পর সিক্যুয়েল হিসেবে আসছে ‘আওয়ারাপান ২’ (Awarapan 2)। গতকাল সোমবার (২৯ জুন) প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের (Vishesh Films) পক্ষ থেকে সিনেমাটির অফিশিয়াল টিজার প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
নিতিন কক্কর পরিচালিত এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটানি এবং বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। প্রকাশিত টিজারটির শুরুতেই ইমরান হাশমিকে (শিবাম চরিত্র) মনোরম লোকেশনে বাইক চালাতে এবং প্রথম পর্বের প্রেমিকা আলিয়ার কবরের দিকে হেঁটে যেতে দেখা যায়। প্রথম পর্বের শেষে শিবামের মৃত্যু হলেও, টিজারে নিজের ফিরে আসা নিয়ে ইমরানকে বলতে শোনা যায়, “মৃত্যু এক অদ্ভুত জিনিস। এটি আমাকে স্পর্শ করেছিল, কিন্তু বেছে নেয়নি।” এছাড়া টিজারে বেশ কিছু দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং ইমরান হাশমির মুখে “এবার হয়তো এই আওয়ারাপান শেষ হবে, না হয় আমি”–র মতো জমজমাট সংলাপ দর্শকদের সিনেমাটি নিয়ে আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
২০০৭ সালে মোহিত সুরির পরিচালনায় মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপান’ ছবিটি তীব্র রোমান্টিক থিম, ইমরানের অনবদ্য অভিনয় এবং প্রীতমের সুর করা ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’ বা ‘মওলা মওলা’-র মতো কালজয়ী গানের জন্য বলিউড ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। দীর্ঘ বিরতির পর নির্মিত এই সিক্যুয়েলটি প্রযোজনা করেছেন বিশেষ ভাট। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ১৪ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘আওয়ারাপান ২’।