পুনরায় মুক্তির ক্ষেত্রে ভারতে রেকর্ড গড়তে চলেছে মার্ভেলের কালজয়ী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সাত বছরের পুরোনো সিনেমা হওয়া সত্ত্বেও ভারতে পুনর্মুক্তির (Re-release) অগ্রিম টিকেট বিক্রিতে (Advance Booking) ব্যাপক সাড়া ফেলেছে এই সুপারহিরো ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’।
প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ভারতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ১৫,০০০ টিকেট বিক্রি হয়ে যায়। এরপর বুকমাইশোসহ প্রধান সব টিকেট বুকিং প্ল্যাটফর্ম মিলিয়ে টিকেট বিক্রির সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে গেছে, যার মোট মূল্য প্রায় ১.৫০ কোটি রুপি। এখনো মাত্র সীমিত সংখ্যক প্রিমিয়াম স্ক্রিনে টিকেট বিক্রি শুরু হয়েছে, চেন্নাইয়ের মতো বড় মেট্রো শহরগুলোতেও এখনো পুরো টিকেট বিক্রি চালু করা সম্ভব হয়নি। পুরো দেশে একযোগে টিকেট বিক্রি শুরু হলে সংখ্যাটি আরও দ্বিগুণ হতো বলে ধারণা করা হচ্ছে।
মুক্তির এখনো দুই সপ্তাহ বাকি থাকা সত্ত্বেও যে সাড়া মিলছে, তা যেকোনো নতুন চলচ্চিত্রের জন্যও অসাধারণ বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। ‘পিঙ্কভিলা প্রেডিক্টস’-এর পূর্বাভাস অনুযায়ী সিনেমাটি প্রথম দিনে ৫ থেকে ৮ কোটি রুপি নেট সংগ্রহ করতে পারে, যা ভারতে হলিউডের যেকোনো পুনর্মুক্ত হওয়া চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড তৈরি করবে। মার্ভেল ব্র্যান্ডের সাম্প্রতিক সাফল্য যেমন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং সামনে আসতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর কারণে সিনেমাটিকে ঘিরে দর্শকমহলে এই অভূতপূর্ব আগ্রহ তৈরি হয়েছে।