রণবীর কাপুর ও যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে গণেশ চতুর্থী উপলক্ষে প্রকাশ পেয়েছে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে ছবির গান ‘জয় জয় রাম’।
গানটি রেকর্ড করার সময় অরিজিৎ সিং প্রায় ২০০টি টেক নিয়েছেন বলে জানা গেছে। সূত্রের দাবি, গানের ভক্তিময় আবহ ও আবেগে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন এই গায়ক যে প্রতিটি টেকেই নতুন করে অনুভূতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন।
রেকর্ডিংয়ের সময় অরিজিৎ কারিগরি বিষয়গুলোও একপর্যায়ে ভুলে গিয়ে পুরোপুরি গানের আবেগে ডুবে যান। এমনকি গানটি শেষ করতেও যেন চাইছিলেন না তিনি।
‘জয় জয় রাম’ গানটির সুর করেছেন এ আর রহমান এবং কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। গানটিতে ‘রামায়ণ’ এর জগতের এক ঝলক তুলে ধরা হয়েছে। এতে রণবীর কাপুরকে ভগবান রাম এবং সাই পল্লবীকে দেবী সীতার চরিত্রে দেখা গেছে।
নামিত মালহোত্রার প্রযোজনায় ও নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ এর প্রথম পর্ব ২০২৬ সালের ৬ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে যশকে রাবণ, সানি দেওলকে হনুমান এবং রবি দুবেকে লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে। এছাড়াও অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং ও বিবেক ওবেরয়সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
এদিকে ‘রামায়ণ’ এর পাশাপাশি রণবীর কাপুরের হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।