ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি। ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। গতকাল শনিবার আইফার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
‘ধুরন্ধর’-এর জন্য সেরা পরিচালক হওয়ার পাশাপাশি মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের পুরস্কারও পেয়েছেন আদিত্য ধর। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত এবং নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্না। সংগীত, চিত্রগ্রহণ, সম্পাদনা ও শব্দ পরিকল্পনা বিভাগেও পুরস্কার জিতেছে ছবিটি।
‘সাইয়ারা’র জন্য সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন আহান পান্ডে। একই ছবির গানের বিভাগে ইরশাদ কামিল, ফাহিম আবদুল্লাহ ও শ্রেয়া ঘোষাল পুরস্কার পেয়েছেন। ‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন হুমা কুরেশি।
ওটিটি বিভাগে আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ চারটি পুরস্কার জিতেছে। অন্যদিকে ‘পাতাল লোক ২’ থেকে সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত এবং সেরা অভিনেত্রী তিলোত্তমা সোম। ডিজিটাল চলচ্চিত্র বিভাগে ‘বারামুল্লা’ ও ‘স্টোলেন’ পেয়েছে একাধিক পুরস্কার। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। কারিগরি বিভাগে ‘ছাওয়া’র জন্য পুরস্কার পেয়েছেন এ আর রহমানসহ সংশ্লিষ্ট শিল্পীরা।