দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, অথচ বিয়ে নিয়ে কখনো পরিকল্পনা করেননি ভারতীয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান ও তাঁর প্রেমিক রকি জয়সওয়াল। কিন্তু মরণব্যাধি ক্যানসার তাঁদের জীবনের হিসাব বদলে দেয়। অসুস্থতার খবর জানার পরই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন হিনা। আর সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম!
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন হিনা। সেখানে নিজের বিয়ের পেছনের গল্প তুলে ধরেন অভিনেত্রী। জানান, বিয়ের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও কখনো বিয়ের দিনক্ষণ কিংবা আয়োজন নিয়ে ভাবেননি তাঁরা।
হিনা জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। জীবনের কঠিন সেই সময়েই সম্পর্ককে নতুন পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেন দুজন।
বিয়ের দিনের একটি ছবি দেখে পুরোনো স্মৃতি মনে করেন হিনা। তিনি জানান, দীর্ঘ ১০ বছরের বেশি সময় একসঙ্গে কাটানোর পর তাঁদের সম্পর্ক ১৩-১৪ বছরে পৌঁছেছিল। তবে বিয়ের সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল হঠাৎ করেই।
সিদ্ধান্তের পেছনের আবেগঘন কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, শারীরিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় রকিকে দুটি পথের কথা বলেছিলেন তিনি। হয় তাঁকে ছেড়ে নিজের জীবনে এগিয়ে গিয়ে পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে, নয়তো তাঁকেই বিয়ে করতে হবে। কারণ, আগামীকাল কী ঘটবে, তা তিনি জানতেন না।
হিনার এমন প্রস্তাবে সম্মতি দেন রকিও। জীবনের অনিশ্চিত সময়ে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা।
অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সত্যিই কি মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে সম্পন্ন হয়েছিল বিয়ের আয়োজন।
ক্যানসারের কঠিন বাস্তবতার মধ্যেও দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে বিয়ের মাধ্যমে পূর্ণতা দেওয়ার এই গল্প নতুন করে আবেগাপ্লুত করেছে হিনার ভক্তদের।