হরর সিনেমায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রানা দাগ্গুবতির প্রযোজনায় ‘স্ক্যারি পিকচার’ নামের একটি হরর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন তেলুগু অভিনেতা ও নির্মাতা রবি বাবু। হ্যালোইনে নয়াদিল্লিতে আয়োজিত ‘হররকন ইন্ডিয়া ২০২৬’ অনুষ্ঠানে সিনেমাটির ঘোষণা দেন রানা। পরে নিজের ইনস্টাগ্রামে খবরটি নিশ্চিত করেন কঙ্গনা।
অনুষ্ঠানে রানা জানান, ‘স্ক্যারি পিকচার’ হবে রবি বাবুর প্রথম হিন্দি ফিচার সিনেমা। এর আগে তেলুগু ভাষায় একাধিক হরর সিনেমা নির্মাণ করেছেন এই পরিচালক। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্য পরিচিত তিনি।
অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় হরর-কমেডি ঘরানায় অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘সার্কেল’ ও ‘কুইন ২’সহ কয়েকটি সিনেমার কাজ। হলিউডের ‘ব্লেসড বি দ্য ইভিল’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।