ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। প্রায়ই নতুন নতুন ফটোশুট ও ভিন্নধর্মী লুকের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী। এবারও রাজকীয় সাজে নিজেকে উপস্থাপন করে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সোনালি রঙের মেটালিক শাড়ি, ঐতিহ্যবাহী অলংকার এবং নান্দনিক মেকওভারে তাঁকে দেখা গেছে একেবারে রাজকীয় আবহে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ছবির ক্যাপশনে নিজের এই লুকের পেছনের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপু লেখেন, প্রতিটি সূক্ষ্ম নান্দনিকতা ও সৌন্দর্যের পেছনে রয়েছে তাঁর স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিষ্ঠা, রুচি ও সৃজনশীলতার ছোঁয়া।

নিজের অনুভূতি প্রকাশ করে অপু বিশ্বাস লেখেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’

অপু বিশ্বাসের নতুন এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তাঁর পোজ, অভিব্যক্তি ও আভিজাত্যপূর্ণ উপস্থিতির প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগীরা।