দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বর্তমানে কেমোথেরাপির প্রয়োজন হচ্ছে না, ওষুধের মাধ্যমেই চলছে তাঁর চিকিৎসা। পাশাপাশি কথাবার্তার জড়তা কমছে এবং হাঁটাচলাও আগের তুলনায় স্বাভাবিক হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় ইলিয়াস কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। প্রায় ১০ মাস চিকিৎসা নেওয়ার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন এই অভিনেতা। তবে মাত্র সাত দিন দেশে অবস্থান করে আবারও লন্ডনে ফিরে যান তিনি। সেখানে তাঁর কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও বর্তমানে আর সেটির প্রয়োজন হচ্ছে না।

লিটন এরশাদ আরও জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি নেওয়ার কথা ছিল। তবে আপাতত ওষুধের মাধ্যমেই তাঁর চিকিৎসা চলছে। ধীরে ধীরে কথাবার্তার জড়তা কাটছে, পাশাপাশি হাঁটাচলাতেও উন্নতি দেখা যাচ্ছে। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার জনপ্রিয় এই নায়কের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন নিসচার মহাসচিব।

এদিকে, গত ২২ অক্টোবর ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় দেশ থেকে দূরে থাকলেও তাঁর মন পড়ে আছে দেশের মানুষের কাছে এবং নিরাপদ সড়কের আন্দোলনে। অসুস্থতার সময়ে যারা তাঁর খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন ও সুস্থতার জন্য দোয়া করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন ইলিয়াস কাঞ্চন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।