নায়ক সালমান শাহর আকস্মিক প্রয়াণে ঢালিউডে তৈরি হয়েছিল বিশাল শূন্যতা। তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে সে সময় কোনো শর্ত ও পারিশ্রমিক ছাড়াই এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সালমানের মৃত্যুর দিনের স্মৃতি এবং সেই সিদ্ধান্তের পেছনের আবেগের কথা জানান আমিন খান। তিনি বলেন, সালমান যেদিন মারা যান, সেদিন সকালে এফডিসিতে ছিলেন তিনি। সেখানে প্রযোজক পরিচালকদের কান্না ও আহাজারি দেখে পরিস্থিতি খুবই কঠিন মনে হয়েছিল তাঁর।

আমিন খান বলেন, সালমানকে বাদ দিয়ে গল্পের মোড় পরিবর্তন করে যদি অসমাপ্ত সিনেমাগুলো শেষ করা সম্ভব হয়, তাহলে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করতে প্রস্তুত ছিলেন। এতে ক্ষতিগ্রস্ত প্রযোজক-পরিচালকেরা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন বলেও মনে করেছিলেন তিনি।

প্রয়াত সহকর্মীর প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে আমিন খান জানান, সালমানের সঙ্গে কোনো সিনেমায় একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তবে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল, আড্ডা হয়েছে। সেই সম্পর্ক ও দায়িত্ববোধ থেকেই সেদিন এমন প্রস্তাব দিয়েছিলেন তিনি।

তবে গল্পের পটভূমি পরিবর্তনের সুযোগ থাকায় শেষ পর্যন্ত শুধু ‘স্বপ্নের নায়ক’ সিনেমাতেই যুক্ত হতে পেরেছিলেন আমিন খান। অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে গল্প পরিবর্তনের সুযোগ না থাকায় তা সম্ভব হয়নি।

বন্ধু সালমান শাহর কথা স্মরণ করে আমিন খান বলেন, ‘বন্ধু যেখানেই থাকুক, ভালো থাকুকসবসময় এটাই আমার চাওয়া।’