দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান। প্রায় অর্ধযুগ পর মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাকে। শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে সিনেমাটির শিল্পী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে আরও অভিনয় করছেন মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
১৯৯৩ সালে ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমিন খান। এরপর দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। ২০১০ সালের পর থেকে তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। যদিও ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন, সেটির শুটিং হয়েছিল কয়েক বছর আগেই। তাই ‘গুলশানের চামেলি’ দিয়েই দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় ফিরছেন এই অভিনেতা।
দীর্ঘদিন পর কাজে ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, অনেক দিন পর সিনেমায় কাজ করতে পেরে তার ভালো লাগছে। দীর্ঘ সময় নতুন কোনো কাজ না করলেও এবার নির্মাতা মোহাম্মদ ইকবালের প্রস্তাব এবং গল্প পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন। তার বিশ্বাস, অভিজ্ঞ শিল্পীদের সমন্বয়ে দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দেওয়া সম্ভব হবে।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। সিনেমাটির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার।