বাংলাদেশের শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে পরিচিতি অর্জন করেছেন অ্যাডলফ খান। ‘সুদর্শন পুরুষ’ হিসেবেও দর্শকদের কাছে তার আলাদা পরিচিতি রয়েছে। এবার সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে অভিনয়ে আরও বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। পরিচালক মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই জনপ্রিয় কোরিওগ্রাফার।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়। নির্মাতা জানান, ছবির গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। জানা গেছে, সিনেমাটিতে তিনি একজন যৌনকর্মীর দালালের ভূমিকায় অভিনয় করবেন।
চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা মো. ইকবাল বলেন, গল্পের এই অংশের জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিল, যিনি নিজের উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মনে আলাদা ছাপ ফেলতে পারবেন। সেই বিবেচনা থেকেই অ্যাডলফ খানকে নির্বাচিত করা হয়েছে বলে জানান তিনি।
নতুন এই প্রজেক্টে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যাডলফ খানও। তিনি বলেন, কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও তার ভালোবাসার একটি জায়গা। ‘গুলশানের চামেলি’-তে এমন একটি চরিত্র পেয়েছেন, যেখানে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
জানা গেছে, ‘গুলশানের চামেলি’ সিনেমাটি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার, যার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিষেক ঘটছে।
সিনেমাটিতে অ্যাডলফ খান ও মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করবেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেক পরিচিত শিল্পী। এরই মধ্যে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।