দুর্গাপূজা উপলক্ষে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’ আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। টিজার ও পোস্টার প্রকাশের পর বেশ জোরেশোরে প্রচারণা শুরু হলেও নির্ধারিত সময়ে সিনেমাটি আদৌ সেন্সর বোর্ডে জমা পড়েছে কি না বা পূজাতে এটি মুক্তি পাচ্ছে কি না তা নিয়ে এখন আর স্পষ্ট কোনো বার্তা মিলছে না। 

প্রতিবেদনে জানা যায়, চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ছবিটি অক্টোবরে মুক্তি না পাওয়ার খবর ছড়ালেও প্রযোজনা পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সিনেমাটির অন্যতম প্রযোজক ও গল্পকার শাকিব চৌধুরী এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য না করে কেবল জানান যে, যা সিদ্ধান্ত হবে তা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যম ও দর্শকদের জানানো হবে। তবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা পড়েছে কি না, সে বিষয়েও তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি।

দেশের লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা অবলম্বনে নির্মিত ‘আন্ধার’ সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতুহলের মূল কারণ এর বিশাল আয়োজন ও হরর ঘরানা। সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি ও মোস্তফা মন্‌ওয়ারের মতো তারকাদের নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে রয়েছে বড় অঙ্কের ভিএফএক্স এবং গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ যার সিংহভাগই করা হয়েছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে। কারিগরি জটিলতা ও প্রক্রিয়াকরণের দীর্ঘসূত্রতার কারণেই মূলত অক্টোবরের নির্ধারিত সময়ে মুক্তি আটকে যাচ্ছে কি না, সেই উত্তরের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।