পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’। রায়হান রাফী পরিচালিত এই রহস্য ও কালোজাদুর গল্পে নির্মিত সিনেমাটি আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। তবে সম্প্রতি নতুন কোনো প্রচারণা কনটেন্ট বা বার্তা না আসায় সিনেপ্রেমীদের মনে সংশয় জাগে দুর্গাপূজায় কি আদৌ প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি?

বিষয়টি নিয়ে সিনেমার নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ঠেলে দেন প্রযোজকদের ওপর। পরবর্তীতে সিনেমাটির চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরী বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, এখনো পর্যন্ত অক্টোবরে মুক্তির ঘোষণাই বহাল রয়েছে এবং তারিখ পরিবর্তন হলে তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ভিএফএক্সের কাজের জন্য সম্প্রতি ১৩ দিন মুম্বাই অবস্থান করে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, দর্শকদের যেন মনে না হয় ছবিটি তাড়াহুড়ো করে বানানো হয়েছে, সে কারণেই মানসম্মত কাজের স্বার্থে কারিগরি দিকগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির মতো তারকাদের উপস্থিতিতে নির্মিত ‘আন্ধার’ সিনেমাটিকে কেন্দ্র করে দর্শকদের মাঝে ইতিবাচক উন্মাদনা তৈরি হয়েছে। সিনেমাটির কাহিনি অবলম্বনে ইতোমধ্যে একটি উপন্যাসও লেখা হচ্ছে, যা লিখছেন ওয়াসি আহমেদ এবং প্রকাশ করবে আফসার ব্রাদার্স। কারিগরি সব কাজ সুন্দরভাবে শেষ হলে খুব শীঘ্রই বড় পর্দায় অন্ধকারের রহস্যময় রূপ দেখার সুযোগ পাবেন দর্শক।