ছোট পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক একক নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়ার পর এবার পারিবারিক গল্পের ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে হাজির হয়েছেন তিনি। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি প্রচারের শুরুতেই দর্শকদের সাড়া পাচ্ছে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব তটিনী। নিজের ছবি ও ভাবনার কথা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে পারলেই হলো।’
তটিনীর এই ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে প্রিয় অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন অনেকে।
বর্তমানে কয়েকজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধেও দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তটিনী। জোভান, তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহানের সঙ্গে তার অভিনীত নাটকগুলো দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পর্দায় তাদের রসায়নও নাটকগুলো ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
এবার ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের মাধ্যমে নতুনভাবে দর্শকের সামনে এসেছেন তটিনী। পারিবারিক সম্পর্ক, আবেগ ও জীবনের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই ধারাবাহিকে তার অভিনয় দর্শক কতটা গ্রহণ করেন, তা সময়ই বলে দেবে।