পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ড্রামা সিরিয়াল ‘দার-ই-নিজাত’ শিগগিরই দর্শকদের সামনে আসতে পারে বলে জোর গুঞ্জন চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নাটকটির সম্প্রচার শুরু হতে পারে। জানা গেছে, পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের জন্য এটি ইউটিউবেও প্রকাশ করা হতে পারে।

সম্প্রতি নাটকটির প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সাদাকালো আবহে প্রকাশিত সেই ছবিতে দুরেফিশান, শেহেরিয়ার মুনাওয়ার এবং নামির খানকে গম্ভীর ও চিন্তাশীল মেজাজে দেখা যায়। ‘দার-ই-নিজাত লোডিং’ ক্যাপশনসহ প্রকাশিত ছবিটি মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয় এবং নাটকটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

গুঞ্জন রয়েছে, এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় প্রাইম টাইম স্লট, অর্থাৎ প্রতি শুক্র ও শনিবার রাত ৮টার সময়সূচিতে নাটকটি প্রচারিত হতে পারে। তবে নাটকের সম্প্রচারের নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।

নাটকটির গল্প লিখেছেন পাকিস্তানের জনপ্রিয় ঔপন্যাসিক ও নাট্যকার উমাইরা আহমেদ। পরিচালনার দায়িত্বে রয়েছেন খ্যাতিমান নির্মাতা সাকিব খান। অন্যদিকে প্রযোজনায় যুক্ত রয়েছেন সালমান ইকবাল, সোনিয়া ইকবাল এবং অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার।

তারকাবহুল এই প্রজেক্টে দুরেফিশান, শেহেরিয়ার মুনাওয়ার ও নামির খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিজ্ঞ শিল্পী সানিয়া সাইদ ও মেহমুদ আসলাম। এছাড়া বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সাহার হাশমিকে। নাটকে দুরেফিশানকে ‘জারিয়াব’ নামের একটি ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে, যার কিছু ঝলক এরই মধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

উমাইরা আহমেদের আবেগঘন গল্প, নতুন জুটি এবং শক্তিশালী অভিনয়শিল্পীদের সমন্বয়ে ‘দার-ই-নিজাত’ মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শকদের এখন অপেক্ষা শুধু কবে আনুষ্ঠানিকভাবে নাটকটির সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হয়।