ছোটপর্দার এই সময়ের দুই জনপ্রিয় ও প্রতিভাবান অভিনয়শিল্পী ইয়াশ রোহান এবং সুনেরাহ বিনতে কামাল। এবার প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তারা। ‘কেউ না জানুক’ শিরোনামের একটি বিশেষ নাটকে দেখা যাবে এই নতুন জুটিকে। একদম ফ্রেশ এই জুটির অনস্ক্রিন রসায়ন দেখতে দর্শকদের মাঝে ইতিমধ্যেই বেশ বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব এবং এর গল্প লিখেছেন এলেক্স উজ্জ্বল। নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট এবং নতুনত্ব মাথায় রেখেই এটি নির্মাণ করা হয়েছে।

‘কেউ না জানুক’ নাটকের গল্পে গ্রামীণ পটভূমির এক সাধারণ ছেলে মেয়ের জীবনসংগ্রাম ও বাস্তবধর্মী আবেগের চিত্র ফুটে উঠেছে। প্রেম, বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের চিরায়ত সরলতা, তরুণদের দায়িত্ববোধ এবং নারীদের মনে চেপে রাখা না বলা কিছু অনুভূতিই এই নাটকের মূল উপজীব্য।

পরিচালক শাহ মোহাম্মদ রাকিব বলেন, দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি, যেখানে বাস্তব জীবনের নানা চড়াই উতরাই প্রতিফলিত হয়েছে। আশা করি নাটকটি সবার মন ছুঁয়ে যাবে।

প্রধান দুই অভিনয়শিল্পী প্রসঙ্গে নির্মাতা আরও বলেন, ইয়াশ ও সুনেরাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক কথায় চমৎকার। সহজ করে বলতে গেলে, গুড পিপল, গুড ভাইবস। কাজের প্রতি তাদের ডেডিকেশনে আমি ভীষণ মুগ্ধ এবং ভবিষ্যতেও এই জুটিকে নিয়ে আরও কাজ করার ইচ্ছে আছে।