নীতিশ তিওয়ারির পরিচালিত বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ইংলিশ ট্রেইলার প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ট্রেইলারে চমৎকার ভিজ্যুয়াল ও রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের দুর্দান্ত উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। তবে পর্দার সামনে না এসেও যার একটি বিষয় আন্তর্জাতিক দর্শকদের সবচেয়ে বেশি শিহরিত করেছে, তা হলো লঙ্কার রাজা ‘রাবণ’ রূপী যশের গম্ভীর ও খৌফনাক কণ্ঠস্বর। প্রথমে অনেকে একে অভিনেতা যশের নিজস্ব কণ্ঠ ভাবলেও, বাস্তবে এই ইংরেজি ভয়েস-ওভারের পেছনে রয়েছেন জনপ্রিয় এক মার্ভেল তারকা। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে তাঁর বিস্তারিত পরিচয়।
ট্রেইলারে রাবণের শক্তিশালী ও ভারী সংলাপগুলোকে নিজের গগনবিদারি ও গম্ভীর কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত অভিনেতা মোহন কাপুর। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (MCU) জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিস মার্ভেল’ ও সিনেমা ‘দ্য মার্ভেলস’-এ প্রধান চরিত্র কামালা খানের বাবা ‘ইউসুফ খান’-এর ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। মোহন কাপুরের এই গভীর ও গম্ভীর ডাবিং রাবণ চরিত্রটিকে পর্দায় আরও ভীতিপ্রদ ও প্রভাব বিস্তারকারী করে তুলেছে।
মার্ভেল ও হলিউড প্রজেক্টে কাজ করার সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে মোহন কাপুরের কণ্ঠ বেশ জনপ্রিয়। তিনি আমেরিকান রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘হোমল্যান্ড’, ‘দ্য সেকেন্ড বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’ এবং অস্কার মনোনীত ছবি ‘জিরো ডার্ক থার্টি’-র মতো বিশ্বখ্যাত প্রজেক্টে কাজ করেছেন। হিন্দি সিনেমা ও ভারতীয় টেলিভিশনেও তিনি বহু দশক ধরে সুনামের সঙ্গে কাজ করছেন।
নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় দুটি খণ্ডে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করছেন। আগামী ৬ নভেম্বর ২০২৬ বিশ্বজুড়ে সিনেমাটির প্রথম খণ্ড মুক্তি পাওয়ার কথা রয়েছে।