চিকিৎসককে মারধর ও তাঁর কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে মালয়ালম অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ। গত বৃহস্পতিবার তাঁদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী এক চিকিৎসকের অভিযোগ, অতুল্য চন্দ্র তাঁকে ফোন করে অসুস্থ এক আত্মীয়ের চিকিৎসার জন্য সেখানে যেতে বলেন। পরিচিত হওয়ায় চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছান। সেখানে গিয়ে প্রায় ১২ জনকে অপেক্ষা করতে দেখেন তিনি।
চিকিৎসকের অভিযোগ, উপস্থিত ব্যক্তিরা তাঁকে ঘিরে ধরে মাদক প্রয়োগ করে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। একপর্যায়ে তাঁকে আটকে রেখে মারধর করা হয়। বিবিন পেরুমপল্লি প্রথমে তাঁর মুখে আঘাত করেন এবং পরে অন্যরাও মারধরে যোগ দেন বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক। অতুল্য চন্দ্র তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলেও দাবি তাঁর।
এ সময় চিকিৎসকের দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেওয়া হয়। এসব সামগ্রীর মোট মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি। পরে তিনি কদাভানথ্রা থানায় অভিযোগ করেন।
এ ঘটনায় মোট ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। বিবিন পেরুমপল্লিকে এক নম্বর এবং অতুল্য চন্দ্রকে তিন নম্বর আসামি করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয় দেখানো ও ডাকাতিসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে সেখানে ডেকে নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
বিবিন পেরুমপল্লি অভিনেতা ও প্রযোজক। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১' 'চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘সীতা রামম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’-এও অভিনয় করেছেন।
অন্যদিকে, অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’।